খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

আপডেট : ২২ মার্চ ২০১৯, ২২:৫৮

কারাবন্দি ও গুরুতর অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিত্সার দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নাইটেঙ্গেল-স্কাউট মার্কেট ঘুরে আবার কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিল শেষে সমাবেশে রিজভী আহমেদ বলেন, দেশে নৈরাজ্যজনক পরিস্থিতি আর চলতে দেওয়া যায় না। বেগম খালেদা জিয়াকে আটকিয়ে রাখা হয়েছে দস্যুবৃত্তির পন্থায়। তাঁকে চিকিত্সা না দিয়ে অসুস্থতাকে গুরুতর করার যাবতীয় ব্যবস্থা করে যাচ্ছে সরকার। তিনি বলেন, বাংলাদেশের কারাগারগুলো এখন সরকার প্রধানের ব্যক্তিগত কয়েদখানায় পরিণত হয়েছে, যেখানে তিনি তাঁর খেয়াল-খুশি মতো বিরোধী রাজনীতিবিদদের বন্দি রাখতে পারেন। এই নব্য বাকশালের বিরুদ্ধে এখন সবাইকে সোচ্চার হতে হবে। সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে।

মিছিলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, মত্স্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।