নারায়ণগঞ্জের রূপগঞ্জে পর্নগ্রাফি তৈরির সঙ্গে জড়িত দুই যুবককে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার বিকালে র্যাব-১ সিপিসি-৩ এর রূপগঞ্জের পূর্বাচল শিমুলিয়া এলাকার ক্যাম্পে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলো নোয়াখালির সুধারাম থানার উপদিলামসি এলাকার আব্দুল হকের ছেলে ইয়াসিন আরাফাত ও মাদারীপুরের কালকিনি থানার দক্ষিণ রমজানপুর এলাকার হাচেন হাং এর ছেলে মোঃ সাইফুল ইসলাম। তারা রাজধানীর উত্তরখান ও দক্ষিণখান ডিএমপি এলাকায় এ অপকর্ম করত।
র্যাব জানায়, কয়েকজন ভুক্তভোগী র্যাব-১ এর কার্যালয়ে অভিযোগ করে ইয়াসিন ও সাইফুল তাদের মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে এবং এই দৃশ্য গোপন ক্যামেরায় ধারণ করে। পরবর্তীতে এ ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে পর্নগ্রাফি তৈরিতে বাধ্য করা হয়। এছাড়া ভয় দেখিয়ে তারা মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে জানায় ভুক্তভোগীরা।
গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের গৃহ শিক্ষক হিসেবে বাসায় প্রাইভেট ও যাদের স্বামী বিদেশ থাকে তাদের সাথে ফেসবুকে সম্পর্ক গড়ে এ অনৈতিক কর্মকাণ্ড করে আসছে।
