গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় যুদ্ধাপরাধ মামলায় পরোয়ানাভুক্ত আসামী মাওলানা আব্দুল লতিফকে (৬২) গ্রেপ্তার করছে পুলিশ।
বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত সদর নামে তিস্তার এক দূর্গম চরের আনছার আলীর বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মাওলানা আব্দুল লতিফ উপজেলার পাঁচগাছী শান্তিরাম গ্রামের মৃত ফইম উদ্দিন বেপারীর ছেলে ও খামার পাঁচগাছী দাখিল মাদ্রাসার সদ্য অবসরপ্রাপ্ত সহকারী সুপার।
সুন্দরগঞ্জ থানার ওসি ইসরাইল হোসেন জানান, চলতি বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মাওলানা আব্দুল লতিফ, জামায়াতের সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে একটি মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারী করে। এরপর থেকে তিনি পালাতক ছিলেন। তিনি ৭১ এর মহান মুক্তিযুদ্ধের সময় মাওলানা আব্দুল আজিজের সহচর হিসেবে কাজ করেছেন।
তিনি আরো জানান, ওই মামলায় গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজসহ অপর আসামীদের গ্রেপ্তারে পুলিশের জোর তৎপরতা অব্যাহত আছে।
প্রসঙ্গত মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে জামায়াতের সাবেক সংসদ সদস্য আব্দুল আজিজের নেতৃত্বে আব্দুল লতিফসহ আরো কয়েকজন মিলে উপজেলার উত্তর ধর্মপুর গ্রামের আকবর আলী মেম্বার নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনায় আকবর আলী মেম্বারের ছেলে আনিছার রহমান বাদী হয়ে ২০০৯ সালের ২৮ জুলাই ১৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৫১। বিগত ২০১৫ সালের নভেম্বর মাসে এ মামলা কয়েক দফায় তদন্ত করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। মামলাটি মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলমান থাকায় দীর্ঘ তদন্তের পর সাবেক এমপি মাওলানা আব্দুল আজিজসহ ৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করে গ্রেফতারী পরোয়ানা জারি করেন।
ইত্তেফাক/ এএন
