ভিক্ষুক রড্রিগেজের স্বর্ণ স্বপ্ন

আপডেট : ১৭ আগস্ট ২০১৬, ২০:৫২
স্বপ্ন সফল করতে মেক্সিকোর রাস্তায় ভিক্ষে করতেন তিনি। সেখান থেকে রিওর মঞ্চে এখন স্বর্ণ জেতার অন্যতম দাবিদার মিসায়েল রড্রিগেজ। মেক্সিকোর এই বক্সার ৭৫ কিলোগ্রাম বিভাগে সেমিফাইনালে উঠে অবশ্য ব্রোঞ্জ নিশ্চিত করে ফেলেছেন।
 
তবে ব্রোঞ্জ নয়, পরবর্তী দুটো ম্যাচ জিতে স্বর্ণ জেতাই ল্য রড্রিগেজের। এখনও পর্যন্ত অলিম্পিক্সে একটি পদকও জেতেনি মেক্সিকো। ফলে এ বারের অলিম্পিক্সে দেশের প্রথম পদক যে রড্রিগেজের হাত থেকেই আসছে, তা নিয়ে সন্দেহ নেই। অথচ কয়েক মাস আগেও ছবিটা ছিল একেবারেই আলাদা। বক্সিং থেকে কোনও পদকের সম্ভাবনা নেই, এই অজুহাতে দেশের বক্সারদের জন্য প্রায় কোনও টাকাই খরচ করেনি মেক্সিকো সরকার। ফলে চূড়ান্ত অনিশ্চিত হয়ে পড়ে মিসায়েলদের রিও যাত্রা। 
 
তিনি বলেন, সেই সময়ে টাকা তুলতে মেক্সিকোর রাস্তায়, বাসে ভিক্ষা করেছি আমি। যে কোনও মূল্যে রিওতে আসতে চেয়েছিলাম। সে দিন মানুষ আমার পাশে না দাঁড়ালে আজ আমি এখানে আসতে পারতাম না। একমাত্র স্বর্ণ জিতেই এই ঋণ শোধ করতে পারব আমি।
 
সেমিফাইনালে অন্যতম ফেভারিট উজবেকিস্তানের বেকতেমির মেলিকুজিয়েভের মুখোমুখি হবেন মিসায়েল। মেক্সিকো তো বটেই, আজ বৃহস্পতিবার সেই লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব। পারবেন কি মিসায়েল তাঁর স্বপ্নকে বাস্তব করতে?  
 
ইত্তেফাক/এসএসএ