রিও অলিম্পিক ফুটবল

নেইমার চমকে ব্রাজিল আবার ফাইনালে

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৬:৩৯
 
চব্বিশ ঘন্টাও পার হয়নি। মঙ্গলবার রাতে মারাকানার এই মাঠে ব্রাজিলের নারী ফুটবলাররা সেমিফাইনালে সুইডেনের কাছে হেরে চোখের পানি ফেলে গেছেন। মাত্রাদের চোখের জল শুকানোর আগেই একই মাঠে জয় উপহার দিয়ে অলিম্পিক গেমস ফুটবলের ফাইনালে উঠেছে ব্রাজিল।
 
বুধবার রাতের এই ম্যাচে ব্রাজিল ৬-০ গোলে হন্ডুরাসকে বড় ব্যবধানে হারিয়ে আবারও অলিম্পিক গেমস ফুটবল ফাইনালে উঠল। নেইমার চমকে হন্ডুরাস কুপোকাত। লন্ডন অলিম্পিক গেমস ফুটবলে মেক্সিকোর কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ নাইজেরিয়া জার্মানির যে কোনো একটি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সাও পাওলোতে দ্বিতীয় সেমিফাইনাল চলছিল।
 
হন্ডুরাসের বিরুদ্ধে নেইমারই প্রথম গোলটা করলেন। রেফারী বাঁশি দেয়ার সঙ্গে সঙ্গে সুযোগ নিয়ে গোল করেন নেইমার ১-০। ম্যাচের শেষ বাঁশি বাজার মুহুর্তে ষষ্ঠ গোলটিও করেন নেইমার,  পেনাল্টি হতে। প্রথমার্ধেই ৩-০। দ্বিতীয়ার্ধে সেটা গিয়ে থামে ৬-০ তে। নেইমারের দুই গোলের মাঝে গ্যাব্রিয়েল জেসুস ২, মারকুইনহস এবং লুয়ান গোল করেন।