জিয়াউর রহমানকে প্রথম রাষ্ট্রপতি বললেন সুবিদ আলী ভুঁইয়া

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ০৬:৪৪
 
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলার মতো বিতর্কিত বক্তব‌্য দিয়েছেন আওয়ামী লীগের এমপি সুবিদ আলী ভুঁইয়া। গতকাল বুধবার সংসদীয় কমিটির বৈঠকে একথা বলার পর তীব্র সমালোচনার মুখে পড়েন সুবিদ আলী ভুুঁইয়া। তার আওয়ামী লীগে থাকা নিয়েও প্রশ্ন তোলা হয় বলে বৈঠকে অংশ নেওয়া একাধিক সংসদ সদস‌্য অনলাইন নিউজ এজেন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
 
বর্তমান সংসদে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভুঁইয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) ছিলেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর বিএনপির মনোনয়ন চেয়েও না পেয়ে ২০০১ সালে কুমিল্লার দাউদকান্দি (কুমিল্লা-১) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০৮ সালে নৌকা প্রতীকের প্রার্থী হয়ে বিএনপির প্রভাবশালী নেতা খন্দকার মোশাররফ হোসেনকে হারিয়ে সংসদ সদস‌্য হন। নবম সংসদে বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ার পর এবার দশম সংসদে ফের নির্বাচিত হয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি হন সুবিদ আলী ভুঁইয়া।
 
তারেক রহমান গত বছর তার বাবাকে বাংলাদেশের ‘প্রথম রাষ্ট্রপতি’ বলার পর তীব্র সমালোচনার মধে‌্য পড়েন। তার বক্তব‌্য-বিবৃতি প্রচারে পরে আদালতের নিষেধাজ্ঞাও আসে। এরপর সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর এক প্রকাশনায় জিয়াকে ‘প্রথম রাষ্ট্রপতি’ লেখা হলে তা নিয়ে ব‌্যাপক সমালোচনা হয়। গতকাল বুধবার সংসদ ভবনে সরকারি প্রতিষ্ঠান সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে ঢাকা বিশ্ববিদ‌্যালয়ের ঘটনাটি নিয়ে আলোচনার মধে‌্য সুবিদ আলী ভুঁইয়া এই বক্তব‌্য দেন বলে কমিটির একাধিক সদস‌্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুবিদ আলী ভুঁইয়া ওই কথা বলার পর কমিটির অন্য সদস্যদের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়। এ সময় মুহিবুর রহমান, নুরুল মজিদ হুমায়ুন, আবদুর রউফ ও নাভানা আক্তার সুবিদ আলীর তীব্র সমালোচনা করেন। তাদের একজন বলে বসেন, ‘আপনি তো জিয়ারই সৈনিক। আপনার আসনে বিএনপির বড় নেতা মোশাররফ হোসেন, তাই আপনি বিএনপির মনোনয়ন পান না। এমপি হওয়ার জন্য আপনি এখন আওয়ামী লীগের সঙ্গে আছেন। তখন কমিটির সভাপতি শওকত আলীর হস্তক্ষেপে পরিস্থিতি ঠাণ্ডা হয়। এ সময় অন্য সদস্যরা ভর্ত্সনা করে বলেন, তিনি (সুবিদ আলী) আওয়ামী লীগের আদর্শ ধারণ করেন না। কেবল এমপি হওয়ার সুযোগ নিতে তিনি এই দলে আছেন। এ বিষয়ে কথা বলতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে সুবিদ আলী ভুঁইয়ার মোবাইলে কল করা হলে প্রথমে তা কেটে দেওয়া হয়। পরে একাধিকবার কল করা হলেও তা ধরেননি তিনি।
 
বৈঠকে উত্তপ্ত বাক্যবিনিময়ের কথা স্বীকার করে কমিটির সদস্য সুনামগঞ্জের আওয়ামী লীগ সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক বিডিনিউজকে বলেন, আজ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নিয়ে আলোচনা ছিল। আমি ইউজিসির চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছিলাম, ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রকাশিত স্মরণিকাতে জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে উল্লেখ করা হয়েছে। শিক্ষামন্ত্রীর মতে, বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত হওয়ায় তাদের হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু ইউজিসিতো এই বিষয়ে ব্যাখ্যা চাইতে পারে। আলোচনার এ পর্যায়ে ইউজিসির চেয়ারম্যান কিছু বলার আগেই সুবিদ আলী ভুঁইয়া বলে ওঠেন, জিয়াই বাংলাদেশের প্রথম  রাষ্ট্রপতি। এটা তিনি তার বইতেও লিখেছেন।
 
মানিক বলেন, তখন আমি বলেছি বিএনপি যে সেটলড ইস্যু নিয়ে বিতর্ক করতে চায়, আপনিও (সুবিদ) যদি সেই একই বিষয় নিয়ে কথা তোলেন তাহলে কী দাঁড়াল? তখন সমালোচনার মুখেও সুবিদ আলী তার অবস্থানে অনড় ছিলেন। এ বিষয়ে কমিটির সভাপতি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সুবিদ আলী ভুঁইয়ার সঙ্গে অন্য সদস্যদের যে বিতর্ক হয়েছে, সেটা আলোচ্য সূচির বিষয় ছিল না। তাই বৈঠকের কার্যবিবরণী থেকে এ আলোচনা বাদ দেওয়া হবে।