এইচএসসি : দেশসেরা যশোর বোর্ড

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৭:৫৯

এইচএসসি পরীক্ষার ফলে এবার দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে যশোর বোর্ড।

 

গত বারের ফল বিপর্যয়কে পেছনে ফেলে ঘুরে দাঁড়িয়ে এবার এই কৃতিত্বপূর্ণ ফল অর্জন করেছে এই বোর্ডের ১০ জেলার শিক্ষার্থীরা। এ বছর যশোর বোর্ড থেকে ১ লাখ ৩০ হাজার ৫৭২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১ লাখ ৮ হাজার ৯২৯ জন। পাসের হার ৮৩ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৫৮৬ জন।

 
গত বছর এই বোর্ডে ১ লাখ ১৪ হাজার ২৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছিল  ৫৩ হাজার ২৩৪ জন। পাসের হার ছিল ৪৬ দশমিক ৫৯, জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৯৪৫ জন।
 
বৃহস্পতিবার যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে এ চিত্র উঠে এসেছে। গতবারের মতো রাজনৈতিক অস্থিরতা না থাকা, শিক্ষার্থীদের লেখাপড়ামুখি হওয়া, শিক্ষকদের কড়া নজরদারি এবং বোর্ড কর্মকর্তাদের নিয়মিত তদারকির কারণে এমন ফল অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা।
 
ফল বিপর্যয়ের পর ঘুরে দাঁড়ানো প্রসঙ্গে যশোর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, রাজনৈতিক অস্থিরতা ছাত্রদের মধ্যে ছিল না। এজন্য তারা লেখাপড়ায় মনোযোগী হতে পেরেছে। আর গতবারের ফল বিপর্যয়ের কারণে শিক্ষার্থীরা এবার পড়াশোনার প্রতি কঠোর মনোযোগী ছিল। অভিভাবকরাও তাদের সন্তানদের প্রতি কড়া নজরদারি রেখেছেন। এর পাশাপাশি বোর্ড কর্মকর্তারা শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করে তাদের সমস্যা সঙ্কট উত্তরণে কাজ করেছেন।
 
 
ইত্তেফাক/ইউবি