টেবিল টেনিসে সব স্বর্ণ চীনের

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ১৯:৩৫
জাপান ছেড়ে কথা বলেনি কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি। আধিপত্য ধরে রেখে রিও ডি জেনেইরো অলিম্পিকে টেবিল টেনিসের পুরুষ বিভাগের স্বর্ণও জিতেছে চীন। দারুণ জমে ওঠা ম্যাচে ৩-১ ব্যবধানে জাপানকে হারিয়েছে চীন।
 
 
রিওতে টেবিল টেনিসের চারটি স্বর্ণই জিতল তারা। ১৯৮৮ সালে অলিম্পিকে টেবিল টেনিস অন্তর্ভুক্ত হওয়ার পর ৩২টি স্বর্ণ মধ্যে ২৮টিই জিতল তারা। জাপানের কোকি নিওয়া এককের ম্যাচে মা লংয়ের কাছে ৩-০ গেমে হারলে এগিয়ে যায় চীন। তবে দ্বিতীয় ম্যাচে জুন মিজুতানি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৩-২ গেমে চীনের জু জিনকে হারালে ম্যাচে ফেরে জাপান। তৃতীয় ম্যাচে ঝ্যাং জিকে ৩-১ গেমে জিতলে চীনের স্বর্ণ জয়ের সম্ভাবনা উজ্জ্বল হয়। চতুর্থ ম্যাচে অপরাজিত থেকে রিও দে জেনেইরো অলিম্পিক শেষ করা মা জাপানের মাহারু ইয়োশিমুরাকে ৩-০ ব্যবধানে উড়িয়ে দিলে স্বর্ণ নিশ্চিত হয় চীনের। স্বর্ণ জয়ের স্বপ্ন পূরণ না হলে অন্যরকম প্রাপ্তি হয়েছে জাপানের। ছেলেদের দলগত ইভেন্ট থেকে এই প্রথম পদক পেলো তারা।
 
ইত্তেফাক/এসএসএ