বেনাপোল স্থলবন্দরের বাস টার্মিনাল তিন বছরেও চালু হয়নি

আপডেট : ১৮ আগস্ট ২০১৬, ২১:৪২

বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল উদ্বোধনের তিন বছর পরও চালু হয়নি। টার্মিনালের নিচ তলায় টিকিট কাউন্টার আর উপর তলায় যাত্রীদের বিশ্রামের জন্য ভবন নির্মিত হলেও আজও তা কার্যকর করা হয়নি।

 
২০১৩ সালের ২৩ আগস্ট নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান ১ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মিত বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালটি উদ্বোধন করেন।
 
১৯৭২ সালের পর থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত শুরু হয়। ভারত- বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়াতে ব্যবসা, চিকিৎসা ও ভ্রমণের জন্য প্রতিদিন এ পথে দেশি, বিদেশি কয়েক হাজার পাসপোর্টধারী যাত্রী আসা-যাওয়া করছেন। অর্ধশতাধিক দূরপাল্লার বাস ১৫ থেকে ২০টি বাস কাউন্টারের মাধ্যমে এ বন্দর দিয়ে যাতায়াত করছে।
 
বেনাপোলের পরিবহনে কর্মরত ম্যানেজাররা জানান, প্রতিদিন পাসপোর্টধারী যাত্রীদের কাছ থেকে ভ্রমণকর হিসেবে সরকারের ২০ থেকে ২২ লাখ টাকার রাজস্ব আয় হচ্ছে। কিন্তু যাত্রীদের সেবার মান  একেবারই নাজুক।
 
বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন জানান, বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল ও আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল দু’টি চালু করতে বন্দর ব্যবহারকারী বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে একাধিকবার বৈঠক করেছি। কেবল কিছু মানুষের অসহযোগিতার কারণে বৃহৎ এই জনস্বার্থ রক্ষার কাজে বিঘ্ন ঘটছে।
 

ইত্তেফাক/এএন