বসবাসের 'অনুপযোগী' শহরের তালিকায় ঢাকা চতুর্থ

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ০৬:২৫
 
বসবাসের সুযোগ-সুবিধায় বিশ্বের ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৭ তম। অর্থাত্ বসবাসের সবচেয়ে অনুপযোগী শহরের তালিকায় ঢাকার অবস্থান চতুর্থ। 'বিশ্বের শহরগুলোর বাসযোগ্যতা' শীর্ষক ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
 
তবে বৈশ্বিক বাসোপযোগী সূচক-২০১৬ তে আগের চেয়ে দুই ধাপ এগিয়েছে ঢাকা। আগের বছরে ঢাকার অবস্থান ছিল ১৩৯তম। বিশ্বের ১৪০টি নগরীর মধ্যে অস্ট্রেলিয়ার মেলবোর্ন নগরী তৃতীয়বারের মতো তালিকার শীর্ষে অবস্থান করছে।
 
সূচক অনুযায়ী অস্ট্রিয়ার ভিয়েনা নগরী দ্বিতীয় অবস্থানে রয়েছে। কানাডার ভ্যানকুভার তৃতীয়, টরেন্টো চতুর্থ এবং ক্যালগেরি ও অস্ট্রেলিয়ার অ্যাডেলেইড নগরী যৌথভাবে পঞ্চম স্থানে রয়েছে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার দামেস্কো নগরী ১৪০টি দেশের একদম তলানিতে অবস্থান করছে। মোট পাঁচটি মুখ্য সূচক ধরে শহরগুলোর বাসযোগ্যতা নিরূপণ করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সেগুলো হলো স্থিতিশীলতা (মান ২৫), স্বাস্থ্য পরিসেবা (মান ২০), সংস্কৃতি ও পরিবেশ (২৫), শিক্ষা (১০) এবং অবকাঠামো (২০)।