চট্টগ্রাম মহানগরীর পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব ও পুলিশ। এসময় চার ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে নগরীর পাহাড়তলী ও কর্ণফুলী থানা এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর পরিচালক চন্দন দেব নাথ জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় এক ইয়াবা পাচারকারী এবং ইয়াবা পরিবহনে নিয়োজিত সিএনজি অটোরিকশা আটক করে র্যাব।
নগরীর পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ রণজিত কুমার বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ঈদগাঁ এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি বাসায় অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার করা হয় দুই নারীসহ তিনজনকে। গ্রেফতারকৃতরা হলো- নুরুল আফসার রায়হান (২২), জাহানারা বেগম (৪০) এবং সুমি বেগম (৩০)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/কেকে
