নওগাঁয় বাসচাপায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৫

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১২:০৩
নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশার আরোহী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ যাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। নিহত পারুল বিবি (৪৮) উপজেলার নৌটা গ্রামের আবুল কালামের স্ত্রী।
 
পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নজিপুর বাজার এলাকায় ঢাকাগামী একটি বাস ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পারুল মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
 
আহতরা হলেন, নৌটা গ্রামের হাসিনা বিবি (৪৪), মোছা. জাকিয়া (২২), বালুঘা গ্রামের পারুল আক্তার (৪০), শিশু মো. হাসান (২) ও অটোরিকসার চালক বাবনাবাজ গ্রামের স্বপন মালবি।
 
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,  বাসটি আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ