টঙ্গীতে বস্তি উচ্ছেদের প্রতিবাদে শুক্রবার দুপুরে বিক্ষোভ করেছে বস্তিবাসীরা। দুপুর ১২টার দিকে একটি প্রভাবশালী মহল স্থানীয় রাজনৈতিক দলের নেতা-কর্মীদের নিয়ে বেঙ্গলেরমাঠ বস্তিটি তাদের ক্রয়কৃত দাবি করে দখল করতে গেলে তারা বাধা দেয়। এক পর্যায়ে বস্তিবাসীরা লাঠি ও বাঁশি নিয়ে তাদেরকে ধাওয়া করলে প্রভাবশালী পক্ষটি পিছু হটতে বাধ্য হয়।
জানা যায়, বেঙ্গলের মাঠ বস্তিটিতে দেশ স্বাধীন হওয়ার পূর্ব থেকে দেশের নদীভাঙ্গা ও বাস্তুহারা কয়েক হাজার মানুষ বসবাস করে আসছে। কিন্তু গত কয়েকমাস যাবত্ একটি প্রভাবশালী মহল বস্তিটি তাদের ক্রয়কৃত সম্পত্তি বলে দাবি করে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন থানা তৃণমূল জনসংগঠনের সহ সভাপতি তাজুল ইসলাম শেখ কাজল, মহল্লা কমিটির সভাপতি কাবিল কাজী, পারভীন আক্তার প্রমুখ। বস্তির প্রবীণ বাসিন্দা মো. আবুল হোসেন (৭০) বলেন, আমাদেরকে বস্তি থেকে উচ্ছেদ করে দিলে ছেলে মেয়ে নিয়ে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও গাজীপুর-২ আসনের সংসদ সদস্য, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল পুনর্বাসন ছাড়া আমাদেরকে উচ্ছেদ না করার নির্দেশ দেওয়া সত্ত্বেও ওই প্রভাবশালী মহলটি আমাদেরকে উচ্ছেদের পায়তারা চালাচ্ছে।
