যশোরে জঙ্গি সন্দেহে সরকারি কলেজের প্রভাষক আটক

আপডেট : ১৯ আগস্ট ২০১৬, ১৮:৩৭
 
যশোরে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে সরকারি কলেজের এক প্রভাষককে আটক করেছে সিআইডি। আটক জঙ্গি এসএম সাদিকুর রহমান ওরফে পলাশ (২৯) নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের সদস্য এবং ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক বলে জানানো হয়েছে।
 
তিনি যশোর সদরের আন্দোইলপোতা গ্রামের শাহজাহান আলীর ছেলে। বৃহস্পতিবার মধ্যরাতে আটকের পর শুক্রবার বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়। বিকেলে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে এই জঙ্গি আটকের তথ্য জানানো হয়।
 
সিআইডি যশোর এন্ড কুষ্টিয়া বিভাগের বিশেষ পুলিশ সুপার শামসুল আলম জানান, বৃহস্পতিবার মধ্যরাতে সিআইডি পুলিশ জঙ্গিবিরোধী অভিযান চালিয়ে উপশহর এলাকা থেকে তাকে আটক করে। এ সময় তার বাসা থেকে জিহাদি বইপত্র উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, পলাশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার সময় জঙ্গি কার্যক্রমে সক্রিয় ছিল। ২০১২ সালের ডিসেম্বরে ঢাকায় নিষিদ্ধ হিজবুত তাহরীরের পোস্টার লাগানোর সময় পলাশ পুলিশের কাছে আটক হয়। সে সময় তার বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়। এই মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।
 

এই মামলার তথ্য গোপন করে ৩৪তম বিসিএস পরীক্ষার মাধ্যমে তিনি শিক্ষা ক্যাডার হিসেবে গত ১ জুন ঝিনাইদহ সরকারি নুরুননাহার মহিলা কলেজের অর্থনীতির প্রভাষক হিসেবে যোগদান করেন। প্রেস ব্রিফিংয়ে সিআইডির সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।