ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে পৃথক স্থানে পৃথক দুটি ঘটনায় দুই গৃহবধূ খুন হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার কোন্ডা ইউনিয়নের আলুকান্দা ও আগানগর ইউনিয়নের কদমতলী খালপাড় এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ পারভীন আক্তার (৩০) আলুকান্দা গ্রামের কামিজ উদ্দিনের স্ত্রী ও গার্মেন্টস কর্মী আরেক গৃহবধূ আসমা বেগম (৩৫) কদমতলী খালপাড় এলাকার আল আমিনের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে পারিবারিক কলহের জেড় ধরে কামিজ উদ্দিন তার স্ত্রীর পারভিনকে পেটে শাবল দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে গার্মেন্ট কর্মী আসমা রাতে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এক দুর্বৃত্ত তাকে পেছন থেকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। শুক্রবার সংবাদ পেয়ে লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দক্ষিন কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল জানান, স্ত্রীকে খুন করার অভিযোগে পারভীনের স্বামী কামিজ উদ্দিনকে গ্রেপ্তার ও পৃথক দুটি মামলা হয়েছে।
