রাস্তায় এক ভিক্ষুককে ৫ ডলার দিয়ে (২৯৫ টাকা) সমালোচনায় পড়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। মেলবোর্নে বৃহস্পতিবার অর্থনীতি নিয়ে একটি বক্তব্য দিতে যাওয়ার পথে ভিক্ষুক দেখে দাঁড়িয়ে যান টার্নবুল। তার সঙ্গে হাত মেলান। পরে ভিক্ষুকের সামনে রাখা কফির কাপে তিনি ৫ ডলার গুঁজে দেন বলে জানিয়েছে বিবিসি।
ঘটনাটি প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিপুল সম্পদের মালিক টার্নবুলের ৫ ডলার দেয়াকে কেউ কেউ দেখছেন কৃপণতা হিসেবে। ডেইলি মেইলের অস্ট্রেলিয়ান সংস্করণে তাকে 'কৃপণ ব্যক্তি' হিসেবে বর্ণনা করা হয়েছে।
অন্যদিকে কেউ কেউ প্রধানমন্ত্রীর ভিক্ষা দেয়ার সমালোচনা কর বলছেন, ভিক্ষা দিলে ভিক্ষুকদের মাদক সেবনের প্রবণতা বাড়ে এবং তাতে দারিদ্র্যও বৃদ্ধি পায়। টার্নবুলকে ভিক্ষার বদলে স্বেচ্ছাসেবী সংস্থায় দান করার পরামর্শ দিয়েছেন কয়েকজন। আবার কেউ কেউ বলছেন, ক্যামেরার জন্য এই উদারতা দেখাতে গেছেন প্রধানমন্ত্রী।
কেউ কেউ টার্নবুলকে সমর্থনও করে টুইটারে লিখেছেন, 'আপনি একজনকে দেখছেন, যিনি আরো দিতে পারেন। আমি একজনকে দেখছি, যিনি দিয়েছেন।'
গত জুলাইয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার পর অনেক বিষয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে টার্নবুলকে।
ভিক্ষা দেয়া নিয়ে সমালোচনার মধ্যে এ ঘটনায় দুঃখ প্রকাশ করে শুক্রবার স্থানীয় একটি রেডিও স্টেশনকে তিনি বলেন, 'এটা ছিল একটি মানবিক প্রতিক্রিয়া এবং এতে কেউ হতাশ হলে তাতে আমি দুঃখিত।'
টার্নবুলই প্রথম রাজনীতিক নন, যাকে সাধারণত উদারতা হিসেবে দেখা হয় এমন কাজের জন্য সমালোচনার মুখে পড়তে হলো। যুক্তরাজ্যের প্রধান বিরোধী দল লেবার পার্টির সাবেক প্রধান এড মিলিব্যান্ড ২০১৪ সালে এক গৃহহীন নারীকে ২ পেনি দিয়ে সমালোচিত হন। বিবিসি।
