'তায়কোয়ানডো হতে পারে জঙ্গিবাদ প্রতিরোধের হাতিয়ার'

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৬:৫০
 
তায়কোয়ানডো জঙ্গিবাদ প্রতিরোধের অন্যতম হাতিয়ার হতে পারে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী। শুক্রবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া সংস্থায় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশন আয়োজিত '১ম বান কি মুন ওয়ার্ল্ড কাপ, কোরিয়া তায়কোয়ানডো চ্যাম্পিয়নশিপ-২০১৬' প্রতিযোগিতায় বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাফল্য অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
 
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী তায়কোয়ানডো দল প্রথম ক্যাটাগরিতে ৭টি স্বর্ণ ও ৫টি রৌপ্য অর্জন করায় সুনাম ও সাফল্য অর্জন করায় অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে বলেন, খেলাধুলা বিশেষ করে তায়কোয়ানডো হতে পারে জঙ্গিবাদ প্রতিরোধে অন্যতম হাতিয়ার। তায়কোয়ানডো কেবল একটি খেলা নয়, 'জনগণের ক্ষমতায়ন' বাস্তবায়নের একটি বাহন। আজকে যখন কিছু তরুণ বিভ্রান্তির পথে পা বাড়াচ্ছে, জঙ্গিবাদের বিপথগামীতায় আকৃষ্ট হচ্ছে অথবা মাদকাসক্তিতে নিঃশেষ করছে তার সম্ভাবনা, তখন তায়কোয়ানডোর মতো খেলা অনেক জরুরি। এই সব খেলা তরুণদের বিভ্রান্তির পথ থেকে সুশৃঙ্খল এবং সুস্থ জীবনে এগিয়ে যেতে সাহায্য করবে। এর ফলে তারা শারীরিক ও মানসিক ভাবে বিকশিত হবে। তারা আত্মনির্ভরশীল হবে। এই আত্মনির্ভরশীলতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন জনগণের ক্ষমতায়ন বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে।
 
তিনি আরো বলেন, জনগণের ক্ষমতায়নের মূল কথা হলো জনগণের অধিকার, জনগণের ইচ্ছার বিজয়। খেলাধুলা মানসিকতা রাখে এমন একজন তরুণ তার অধিকার সম্পর্কে সচেতন হন। এ জন্যই তরুণদের আরো বেশী খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে, যাতে জনগণের ক্ষমতায়ন দ্রুত বাস্তবায়িত হয়। কারণ জনগণের ক্ষমতায়ন বাস্তবায়িত হলেই আমরা পাবো জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ, যে পথে আমরা এগিয়ে যাচ্ছি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে।
 
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, শ্যামল কুমার রায়, কেন্দ্রীয় নেতা মনিরুল ইসলাম হাওলাদার, রেয়াকাত আলী খান নিয়ন, যুবলীগ ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক অনু, সাংগঠনিক সম্পাদক শাহাদাৎ হোসেন সেলিম প্রমুখ।