কুমিল্লায় কুপিয়ে পিটিয়ে যুবক হত্যা

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ০৭:০৩
 
কুমিল্লায় কুপিয়ে ও পিটিয়ে বাবু নামের এক যুবককে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর শুভপুর গোমতী বাঁধের ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত বাবু শুভপুর এলাকার  ঝারু মিয়ার ছেলে। 
 
পুলিশ জানায়, শুভপুর এলাকায় চুরি করে কয়েকজন যুবক হাঁস খাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের সাথে বিরোধ সৃষ্টি হয়। পরে রাত পৌনে ৮টার দিকে বাবু (২৫) ও নাজিম (২৬)সহ তাদের সহযোগীরা এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় স্থানীয়রা তাদের গণপিটুনি দিয়ে মারাত্মক আহত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের কুমেক হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত ডাক্তার বাবুকে মৃত ঘোষণা করেন। তবে স্থানীয়রা জানান, অস্ত্র ব্যবসার টাকা নিয়ে বিরোধের জের ধরে শুভপুর এলাকার একটি পক্ষ বাবু ও নাজিমসহ তাদের সহযোগীদের পিটিয়ে ও কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পর বাবু মারা যায়। কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) সালাহ উদ্দিন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।