ইসরাইলকে রক্ষায় ঈশ্বর ট্রাম্পকে পাঠিয়েছেন

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০০:৩৯

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বলেছেন, ইরানের হাত থেকে ইসরাইলকে রক্ষায় ঈশ্বর প্রেসিডেন্ট ট্রাম্পকে পৃথিবীতে পাঠিয়েছেন। ইসরাইল সফররত পররাষ্ট্রমন্ত্রী পম্পিও ক্রিশ্চিয়ান ব্রডকাস্টিং নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাত্কারে এই মন্তব্য করেছেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, ট্রাম্প রানি এস্থারের মতো ইসরাইলকে ইরানের হাত থেকে রক্ষা করতে পারবেন? জবাবে সাবেক সিআইএ প্রধান এবং সিনেটর পম্পিও বলেছেন, আমি বিশ্বাস করি, প্রেসিডেন্ট ট্রাম্পকে ঈশ্বরই পাঠিয়েছেন ইসরাইলকে রক্ষা করতে। এজন্যই ইহুদিরা এখনো এখানে আছেন। আমি নিশ্চিত যে স্বয়ং ঈশ্বর এখানে কাজ করছেন। কেবল পম্পিও নন, এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্স, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং সাবেক অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বাইবেল থেকে উদ্ধৃতি দিয়ে এই ধরনের মন্তব্য করেছিলেন। -বিবিসি