রায়পুরে ছাত্রলীগ নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৩:৪০
লক্ষ্মীপুরের রায়পুর পৌর ছাত্রলীগের সভাপতি পীরজাদা সোহরাব হোসেন মিশরীর মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। 
 
শনিবার দুপুর ১টার দিকে পৌর শহরের ট্রাফিক মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রাইম ব্যাংকের সামনে এসে সমাবেশ করে। এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ নেতা খান আল মামুন, তারেক আজিজ জনি, ফিরোজ আলম, মহসিন পাটোয়ারী, কাউছার হোসেন, পাপুল হাওলাদার, পৌর ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান রিজভী, সাদ্দাম পাটোয়ারী, হোসেন সরদার ও কলেজ ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রুবেল, সাইফুল ইসলাম রাজিম ও আবুদর রশিদ প্রমুখ।
 
প্রসঙ্গত- গত শনিবার জমি নিয়ে বিরোধের জের ধরে লক্ষ্মীপুর শাখার এনসিসি ব্যাংকের সহকারী ম্যানেজার একে আজাদ খাঁনসহ তিনজনকে কুপিয়ে জখম করার অভিযোগে ওই ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে রাতেই পৌর ছাত্রলীগ সভাপতি সোহরাব মিশরীসহ দু’জনের নাম উল্লেখ ও অজ্ঞাত নামায় আরও ৮-১০জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করে। পরে পুলিশ মামলার প্রধান আসামি ছাত্রলীগ নেতা সোহরাবকে গ্রেফতার করে। পৌর দেনায়েতপুর গ্রামের মৃত মেজবা উদ্দিন জাহাঙ্গীর মাওলানার ছেলে ছাত্রলীগ নেতা সোহরাব বর্তমানে ওই মামলায় কারাগারে রয়েছে।