আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি ক্ষমতায় থাকাকালে বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়-প্রশ্রয় দেয়। খুনি মোশতাকের ‘ইনডেমিনিটি’ ধারণ করেছিলেন জিয়া, এরশাদ ও বেগম খালেদা জিয়া। শেখ হাসিনার আমলে ’৯৬ সালে বিচারের কাজ লোয়ার কোর্টে শেষ হয়েছিল। আপিল যখন উচ্চ আদালতে গেল তখন ক্ষমতায় ছিল বিএনপি-জামায়াত।’
শনিবার দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মোহাম্মদ নাসিম বলেন, ১৪ দল মনে করে ২১শে আগস্ট হত্যাকাণ্ডের বিচার হওয়া দরকার। দীর্ঘ দিন ধরে বিচার চলছে। আমরা আইনমন্ত্রী ও বিচারকার্যে সংশ্লিটদের আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে বিচারের কাজ শেষ করে অপরাধীদের আইনের আওতায় আনা হোক।
২১ আগস্ট হামলায় নিহতদের প্রতি রোববার বিকেলে কেন্দ্রীয় ১৪ দল শ্রদ্ধা জানাবে বলেও জানান জোটের এই মুখপাত্র।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাস, কেন্দ্রীয় নেতা সুজিত রায় নন্দী, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা. ওয়াজেদুল ইসলাম খান, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ।
ইত্তেফাক/কেকে
