সাঁথিয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ১৫

আপডেট : ২০ আগস্ট ২০১৬, ১৫:৫০
পাবনার সাঁথিয়া উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে বালা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ সময় উভয়পক্ষের ২০টি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
 
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মঙ্গলগ্রাম ও নদীসূধা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত অভিযোগে হারুন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থলে পুশিল মোতায়েন করা হয়েছে।
 
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলার মঙ্গল গ্রামের লোকমান হোসেন ও নদীসূধা গ্রামের তোরাপ আলীর সমর্থকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাক্বিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় গ্রুপই লাঠিসোঁটা, ইটপাটকেল ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় এক বৃদ্ধা নিহত হন। ও কমপক্ষে ১৫ জন আহত হন। এদের মধ্যে নারীও রয়েছেন। এ সময় উভয়পক্ষ হামলা চালিয়ে প্রতিপক্ষের প্রায় ২০টি বাড়ি ভাঙচুর করে।
 
পুলিশ আরো জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ৬০ জনকে আসামি করে মামলা হয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ