দেশের শিক্ষা ব্যবস্থাকে ‘ব্র্যান্ডিং’ করতে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, গত দশ বছরে শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ অনেক এগিয়েছে। শিক্ষার গুণগতমান উন্নয়নে কাজ করার এখনই উপযুক্ত সময়। আমরা চাই আমাদের শিক্ষাকে ‘ব্র্যান্ডিং’ করতে। এ জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে ছাত্র-শিক্ষক, অভিভাবক ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষসহ সকলকেই দায়িত্বশীল হতে হবে।
গত বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় ১৪ নম্বর সেক্টর খেলার মাঠে বেসরকারি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৫ম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্যের মনোনীত প্র্রতিনিধি হিসেবে সমাবর্তন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি।
সমাবর্তনে ৬ হাজার ৮০৪ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী তাদের শিক্ষা সমাপনী সনদ গ্রহণ করেন। কৃতিত্বপূর্ণ ফল অর্জন করায় সমাবর্তনে ৮ জন গ্র্যাজুয়েটকে ফাউন্ডার মিয়ান স্বর্ণপদক প্র্রদান করা হয়। সমাবর্তন বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান শিক্ষাবিদ অধ্যাপক ড. একে আজাদ চৌধুরী। এ ছাড়াও অন্যান্যের মধ্যে কথাসাহিত্যিক ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন উপস্থিত ছিলেন। সমাবর্তন অনুষ্ঠান পরিচালনা করেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।
