মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও’র আমন্ত্রণে আগামী মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আগামী ১০ এপ্রিল ওয়াশিংটনে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এছাড়া মার্কিন পররাষ্ট্র দফতরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এবং দক্ষিণ এশিয়া ডেস্কের দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গেও পররাষ্ট্রমন্ত্রীর পৃথক বৈঠক হতে পারে। কূটনৈতিক সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানায়, টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গঠনের পর মন্ত্রী পর্যায়ের কোনো প্রতিনিধির এটাই হবে প্রথম যুক্তরাষ্ট্র সফর। অবশ্য নির্বাচনের পরপরই ওয়াশিংটন সফর করেন পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক। পররাষ্ট্রমন্ত্রীর সফরে রাজনীতি, অর্থনীতি, মানবাধিকার পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য, নিরাপত্তা, মেরিটাইম ও সামরিক সহযোগিতা, সমুদ্র সম্পদের আহরণ ও সুরক্ষা, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হতে পারে বলে জানা গেছে।
