ইসলাম-ভীতি দূর ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ। গতকাল শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি) এর মন্ত্রী পর্যায়ের জরুরি সভায় অংশ নিয়ে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আহ্বান জানান। ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মুসলিমদের ওপর হামলার প্রেক্ষিতে এই জরুরি সভা আহ্বান করা হয়। ভূমিমন্ত্রী জাতিসংঘের অধীনে ওআইসি’র সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন বলেও আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ওআইসি সম্মেলনের বর্তমান সভাপতি হিসেবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ওআইসি মহাসচিব ড. ইউসুফ আল ওথাইমিন উপস্থিত ছিলেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোয়ানের আমন্ত্রণে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইন্সটন পিটারস। সন্ত্রাস, ইসলাম-ভীতি ও মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা দূর করতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নেওয়ার ঘোষণার মধ্য দিয়ে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের জরুরি বৈঠক শেষ হয়।
