নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত পাঁচ বাংলাদেশির মধ্যে গতকাল শুক্রবার দুই জনের দাফন সম্পন্ন হয়েছে। অপর তিন বাংলাদেশির লাশ দেশে আনার কথা রয়েছে। জানা গেছে, গতকাল শুক্রবার নিহত পাঁচ বাংলাদেশিরই জানাজা অনুষ্ঠিত হয়। এরপর ড. সামাদ ও হোসনে আরা পারভিনের লাশ দাফন করা হয়। অন্যদিকে ওমর ফারুক, মোজাম্মেল ও জাকারিয়া ভুঁইয়ার মরদেহ হিমঘরে রাখা হয়েছে।
অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, তিনজনের মরদেহ দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাসের পক্ষ থেকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দেওয়া হয়েছে। দ্রুতই তাদের মরদেহ দেশে ফেরত পাঠানো সম্ভব হবে। জানা গেছে, জাকারিয়া ভুঁইয়ার স্ত্রী বর্তমানে নিউজিল্যান্ডে আছেন এবং মোজাম্মেলের ভাই শনিবার সেখানে পৌঁছাবেন। এছাড়া ওমর ফারুকের স্ত্রী ইতোমধ্যে ভিসা পেয়ে গেছেন এবং দ্রুততম সময়ের মধ্যে তিনিও নিউজিল্যান্ডে যাবেন।
প্রসঙ্গত, নিহত ব্যক্তিদের স্ত্রী, সন্তান, পিতা বা মাতা অথবা ঘনিষ্ঠ কাউকে (নিহতের পরিবারের আস্থাভাজন) নিউজিল্যান্ডে নিয়ে গিয়ে লাশ হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পরিবার প্রতি একজনকে দেশটিতে নিয়ে যাওয়া, লাশ দেশে পৌঁছানো এবং দাফন সংক্রান্ত যাবতীয় ব্যয় নিউজিল্যান্ড সরকারই বহন করবে। কোনো নিহতের পরিবার যদি ক্ষতিপূরণ দাবি করে, তাও দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড সরকার।
