তুরস্কে বিয়ের অনুষ্ঠানে হামলায় আইএসকে সন্দেহ এরদোয়ানের

আপডেট : ২১ আগস্ট ২০১৬, ১৩:২২
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় ৩০ জন নিহত হয়েছেন।  এই ঘটনায় জঙ্গি সংগঠন তথাকথিত ‘ইসলামিক স্টেট’ এর সংশ্লিষ্টতা থাকতে পারে বলে জানালেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ান।
 
রবিবার এক বিবৃতিতে এমনটাই জানান বলে নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
 
স্থানীয় সময় শনিবার (২০ আগস্ট) রাত ১১টার দিকে দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপ শহরে একটি বিয়ে বাড়িতে এ হামলা হয়। শহরটি তুরস্ক-সিরিয়া সীমান্তে অবস্থিত। এ বোমা হামলায় নিহতের সংখ্যা অন্তত ৩০ বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। আহত হয়েছে আরও অন্তত ৯৪ জন।
 
পরে রবিবার তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানএ নিয়ে একটি বিবৃতি দেন। বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক ইসলামী চিন্তাবিদ ফেতুল্লাহ গুলেন (যাকে ১৫ জুলাইয়ের অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ী করা হয়) এর বাহিনী, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং আইএস যাদেরকে গাজিয়ানটেপের হামলাকারী বলে মনে হচ্ছে-এ তিনটি গোষ্ঠীর মধ্যে কোনও পার্থক্য নেই। হামলাকারীদের উদ্দেশ্যে আমাদের দেশ ও জাতির পক্ষ থেকে আবারও একটিই বার্তা দিচ্ছি। আর হলো-আপনারা সফল হবেন না!’
 
এর আগে তুরস্কের উপ-প্রধানমন্ত্রী মেহমেত সিমসেক এই হামলাকে বর্বরোচিত উল্লেখ করে বলেন, ‘মনে হচ্ছে এটি একটি আত্মঘাতী বোমা হামলা।’ এনডিটিভি