নওগাঁ সরকারি কলেজ থেকে খাজাবাবু ওরফে খাজা (২০) নামে এক বহিরাগত ভুয়া শিক্ষার্থীকে ভ্রাম্যমান আদালতে তিনমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নওগাঁ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম। খাজাবাবু সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম জিল্লুর রহমান জানান, আজ সকাল সাড়ে ৮টা থেকে অর্থনীতি ক্লাস চলছিল। অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক এসএম মোজাফ্ফর হোসেন সব ছাত্রকে ক্লাসে প্রশ্ন উত্তর লিখতে দিয়েছেন। কিন্তু ওই বহিরাগত ভুয়া শিক্ষার্থী না লিখে ক্লাসের মধ্যে চোখে সানগ্লাস দিয়ে ফোনে কথা বলছিল। তাকে লিখতে বলা হলে ক্লাসের মধ্যে অধ্যাপককে অশালীন কথাবার্তা বলে। এ ঘটনায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সন্দেহ দেখা দেয়ায় গেপানে থানা পুলিশে সংবাদ দেওয়া হয়। পরে সদর থানা পুলিশ এসে খাজা বাবুকে আটক করে ।
তিনি আরো বলেন, তাকে এর আগে কখনো ক্লাসে দেখা যায়নি ।সে কলেজের কোন শিক্ষার্থী না।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালত ম্যাজিস্ট্রেট রবিউল ইসলাম জানান, প্রাথমিক ভাবে এ ঘটনার সত্যতা পাওয়া গেছে। দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতে খাজা বাবুকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
