প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রবিবার বিকেলে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী নদীর ৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে ফুলগাজী বাজার সহ ৪ গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার দেড় মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
ফেনী-পরশুরাম আঞ্চলিক মহাসড়কের ঘনিয়া মোড়া থেকে ফুলগাজী বাজার পর্যন্ত অংশে হাঁটু পরিমাণ পানি থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বাজারের প্রায় ৮/৯ শত দোকানে পানি উঠে মালামাল নষ্ট হয়ে যায়। ব্যবসায়ীরা জানান, প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
IMG0
ফেনী জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা ফুলগাজী বাজার পরিদর্শন করে খোঁজ খবর নেন। এ সময় ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার কিসিঞ্জার চাকমা সাথে ছিলেন।
ভাঙ্গন কবলিত এলাকায় গিয়ে দেখা যায়, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের পানির স্রোতে পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ শালধরে মুহুরী নদীর বেড়িবাঁধে প্রায় ২শ’ ফুট ভেঙ্গে গেছে। ভাঙ্গা অংশ দিয়ে দক্ষিণ শালধর, শালধর, মালিপাথর ও রাজষপুর গ্রামে পানি প্রবেশ করছে।
স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, ইতোমধ্যে কয়েকশ’ পুকুর, ফসলি জমি বন্যার পানিতে ভেসে গেছে। এ ছাড়া পরশুরাম-ফুলগাজীর আরো বেশ কিছু গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। চলতি বছরের বন্যায় মুহুরী নদীর ভাঙ্গন কবলিত অংশগুলো স্থায়ী মেরামত না করায় বন্যা আতঙ্কে রয়েছে পরশুরাম-ফুলগাজী উপজেলার কয়েক লাখ মানুষ।
ফুলগাজীর মো. সেলিম, আবুল কালাম, আইয়ুব হোসেন ও লোকমান হোসেন জানান, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রবিবার বিকেলে ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ফুলগাজী বাজার সহ ৪ গ্রাম প্লাবিত হয়েছে।
ফুলগাজী বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মো. নুর আলম জানান, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফুলগাজী উপজেলার মুহুরী নদীর বেড়িবাঁধ ভেঙ্গে ফুলগাজী বাজারের প্রায় ৭/৮ শ দোকানের মধ্যে পানি ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কোহিনুর আলম ফোনে জানান, প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পরশুরাম ও ফুলগাজী উপজেলার মুহুরী নদীর ৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙ্গে ফুলগাজী বাজার সহ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী নদীর পানি বিপদসীমার দেড় মিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
