ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুমূল্য সোনার স্যুট নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছে। এবার সেই স্যুট বিশ্বের মধ্যে নিলামে ওঠা দামী স্যুটের তকমা পেয়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পেতে চলেছে।
সম্প্রতি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস তাদের ওয়েব সাইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বহুমূল্য সোনার স্যুট যে বিশ্বের দামী স্যুটের তকমা পেয়েছে তার ঘোষণা স্বরূপ একটি প্রশংসাপত্র প্রকাশ করেছে। এরপরই খবরটি প্রকাশ্যে এসেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন যুক্তরাষ্ট্র সফরের সময় এই স্যুট পরেছিলেন। তার পরেই ভারত জুড়ে শুরু হয় বিতর্ক। শেষে এই বহুমূল্য সোনার স্যুটটি নিলামের জন্য পাঠিয়ে দেওয়া হয়। ভারতের সুরাতের প্রসিদ্ধ হীরা ব্যবসায়ী লালজিভাই প্যাটেল ১০ লাখ রুপির সেই স্যুটটি নিলামে কিনেছিলেন প্রায় ৪.৩১ কোটি রুপি খরচ করে।
সেসময় নিলাম থেকে আসা পুরো টাকা 'স্বচ্ছ ভারত অভিযানে' খরচের কথা ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। সম্প্রতি মোদীর সেই স্যুটটি গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা পাওয়ায় নতুন করে খবরের শিরোনামে উঠে এসেছে।
