আগামী ২৩ ও ২৪ নভেম্বর প্রত্ন নাটক ‘মহাস্থান’ বগুড়ার মহাস্থানগড়ের ভাসুবিহারে মঞ্চস্থ হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও শিল্পকলা একাডেমি যৌথভাবে এই নাটক মঞ্চস্থের আয়োজন করে। বাঙালির আড়াই হাজার বছরের ইতিহাস ও বাঙালি জাতিসত্ত্বার ঐতিহাসিক পরস্পরায় তিন শতাধিক শিল্পী কলাকুশলীর অংশগ্রহণে নির্মিত এই নাটক প্রদর্শিত হবে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি থাকবেন কথা সাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হক। উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাসির উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন মঞ্চসারথি আতাউর রহমান, নাট্যজন অধ্যাপক আবদুস সেলিম , নাট্যজন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক আলতাফ হোসেন প্রমুখ।
এ ব্যাপারে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ইতিপূর্বে উয়ারি বটেশ্বরে প্রত্ন নাটক মঞ্চস্থ হয়েছে। কিন্তু ভাসুবিহারে ব্যাপক প্রস্তুতি ও বিপুলসংখ্যক শিল্পীদের নিয়ে প্রত্ন নাটক ‘মহাস্থান’ মঞ্চস্থ হচ্ছে।
