'ফেসবুকের শেয়ারদর ২০ শতাংশের বেশি বাড়বে'

আপডেট : ২২ আগস্ট ২০১৬, ১৫:২৩
বিজ্ঞাপন থেকে রাজস্ব বাড়ার কারণে আগামী বছর ফেসবুকের শেয়ারদর ২০ শতাংশের বেশি বাড়তে পারে। রবিবার গবেষণা প্রতিষ্ঠান ব্যারন্সের প্রকাশিত এক প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
 
ব্যারন্সের প্রতিবেদনে প্রকাশ, এখন প্রতি দিন গড়ে ফেসবুক ব্যবহার করছেন ১১০ কোটি মানুষ। আগামী বছর এই সংখ্যা ১৭০ কোটি ছাড়াবে। এতে সোশ্যাল নেটওয়ার্কিং জায়ান্টের বিজ্ঞাপনের পরিমাণও বাড়বে।
 
সূত্রের আরও দাবি, ইনস্টাগ্রাম, ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপেও বিজ্ঞাপন লোডের হার আগের তুলনায় বৃদ্ধি পেয়েছে। ফেসবুকের শেয়ারদর বাড়ার সম্ভাবনার এটিও একটি কারণ।
 
শুক্রবার ফেসবুকের প্রতিটি শেয়ারের মূল্য ছিল ১২৪ মার্কিন ডলার। আগামী বছর প্রতিটি শেয়ারে মূল্য বেড়ে দাঁড়াতে পারে ১৫৩ মার্কিন ডলার, দাবি ব্যারন্সের।