সাতক্ষীরার কুলিয়ায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দু’জন। সোমবার বিকেলে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের কুলিয়া আশুমার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভ্যানচালকের নাম মিলন (৩২)। তিনি সদর উপজেলার আলিপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আহত দুইজন হলো, কুলিয়া গ্রামের হাবিবুল্লাহ এবং অপর একজন অজ্ঞাত মহিলা। গুরুতর আহত অবস্থায় ওই অজ্ঞাত মহিলাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে একটি ইঞ্জিনভ্যান সাতক্ষীরা থেকে কালিগঞ্জের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে দেবহাটা উপজেলার কুলিয়া আশু মার্কেটের সামনে পৌঁছুলে পিছন থেকে একটি যাত্রীবাহী বাস মিলনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/এএন
