সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিভিন্ন ধরণের ৯টি দোকান পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ৮০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকাল সাড়ে ৩টায় উপজেলার বাড়বকু বাজারে বন্ধ থাকা মৌসুমি টেইলার্স নামক দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাজারের আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে মেসার্স আলতাফ ক্রোকারীজ, পারভীন ক্রোকারীজ, ২টি টেইলারিং সপ, পাইকারী ষ্টেশনারী দোকান, জাহাঙ্গীর ডেকোরেশন, সেলিম ষ্টোর, রিয়াদ কুলিং কর্ণার ও মেসার্স ইউসুফ ক্রোকারীজসহ মোট ৯টি দোকান পুড়ে যায়।
এ অগ্নিকাণ্ডে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। খবর পেয়ে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম ভূঁইয়া ও স্থানীয় চেয়ারম্যান ছাদাকাত উল্লাহ মিয়াজী ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
ইত্তেফাক/এএন
