রাজধানীর কল্যাণপুরে জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের স্বজনদের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে স্বজনদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা হবে।
নিশ্চিত হওয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান। সোমবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
মাসুদুর রহমান আরও জানান, নিহত জঙ্গির স্বজনদের ব্যাপারে পুরোপুরি নিশ্চিত হতেই এই ডিএনএ সংগ্রহ করা হয়েছে। পুলিশের অপরাধী তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে তাদের ডিএনএ পরীক্ষা করা হবে। নিহত জঙ্গিদের ডিএনএ আগেই সংগ্রহ করা হয়েছিল। স্বজনদের সাথে জঙ্গিদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে দেখে তাদের হস্তান্তর করা হবে।
গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়।
