রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালানো হয়েছিল: হানিফ

আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৯:৫১
 
আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি সরকারের পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলা চালানো হয়েছিল। সরকারিভাবে গ্রেনেড সরবরাহ করা হয়েছিল বলে উল্লেখ করে তিনি বলেন, হামলার পর মামলা গ্রহণ না করে এ হামলার দায় আওয়ামী লীগের ওপর চাপানোর সর্বাত্মক চেষ্ঠা চালানো হয়েছিল।
 
সংসদে নিন্দা প্রস্তাব না এনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্ম্পকে নানা মন্তব্য করা হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এমন বর্বর গ্রেনেড হামলা পৃথিবীর আর কোথাও ঘটেনি।
 
মঙ্গলবার দুপুরে পরিবাগের বিটিসিএল ভবনের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ টিএন্ডটি শ্রমিক কর্মচারী ফেডারেল ইউনিয়ন(সিবিএ) এ আলোচনা সভার আয়োজন করে।
 
সংগঠনের সভাপতি মো. শাহনেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান, জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ফজলুল হক মন্টু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ুন কবির।
ইত্তেফাক/এএম।