চৌগাছায় যুবককে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১১:১৩
যশোরের চৌগাছা উপজেলায়  এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
 
মঙ্গলবার দিনগত রাতে উপজেলার লস্করপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল আলিম (২৮) ওই গ্রামের আব্দুল ওয়াদুদের ছেলে।
 
পুলিশ জানায়, মাছ চাষি আব্দুল আলিম রাতে মাছের ঘের পাহারা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। সকালে স্থানীয়রা গ্রামের রাস্তায় তার লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
 
পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
 
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মসিউর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ