‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের শক্তি চিহ্নিত করতে ‘কমিশন’ গঠন করতে হবে’

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৪:৫৩
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে যারা জড়িত তাদের চিহ্নিত ও ষড়যন্ত্র উদঘাটনে একটি  ‘কমিশন’ গঠন করতে হবে। ৭৫ এর ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেকে হত্যার মধ্য দিয়ে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি প্রতিষ্ঠিত হয়, ফিরে আসে সেই ঘৃণা, সাম্প্রদায়িকতা ও ধর্মীয় উন্মাদনা যা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত দেশের সংবিধানের মূল নীতির সম্পূর্ণ পরিপন্থী। হত্যাকাণ্ডের পর ক্ষমতায় অধিষ্ঠিত খোন্দকার মোশতাক বাংলাদেশকে ইসলামি প্রজাতন্ত্র ঘোষণা করেন।’
 
বুধবার গণপূর্ত ভবনে জাতির জনকের ৪১ তম শাহদত বার্ষিকী উপলক্ষে ঠিকাদার কল্যাণ সমিতি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মুশফিকুর রহমান খান হান্নান।
 
তিনি বলেন, ‘এর মধ্য দিয়ে প্রমাণিত হয়, বঙ্গবন্ধু হত্যা ছিলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে দেশের গণতন্ত্র ও অসাম্প্রদায়িকতাকে সমূলে উৎপাটন করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত। এই চক্রান্তের ধারা আজও অব্যাহত।’
 
মন্ত্রী আরো বলেন, ‘অনেক দুর্গম ও রক্তাক্ত পথ পেরিয়ে দেশে আবারো মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালিত হচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্তহীন প্রয়াস অব্যাহত। এ ধারাকে কেউ আর যাতে চক্রান্তের মাধ্যমে ব্যাহত করতে না পারে সে জন্য বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের শক্তিকে চিহ্নিত করে দেশবাসীর কাছে তাদের মুখোশ উন্মোচনের জন্যই কমিশন গঠন প্রয়োজন।’ 
 
ইত্তেফাক/এএসএমইউ