আপনার কান্না থামবে না: মির্জা ফখরুলকে কামরুল

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ১৮:৫৩
 
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ইসলাম বলেছেন, ‘অত্যন্ত দুঃখের বলতে চাই, আপনি এমন একটা পাপিষ্ঠ দলের নেতৃত্ব দিচ্ছেন, যারা রাজনীতির নামে সন্ত্রাস-জঙ্গিবাদে জড়িত। আপনাকে কাঁদতে হবে, অঝোরে কাঁদতে হবে। তাদের দায়িত্বে যতদিন আছেন, ততদিন আপনার এই কান্না থামবে না।’
 
বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
 
মঙ্গলবার এক আলোচনা সভায় বিরোধী দলের উপর দমন-পীড়নের শিকার কর্মীদের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন মির্জা ফখরুল। আজ শিল্পকলা একাডেমিতে ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনায় দেয়া বক্তব্যে ওই প্রসঙ্গ টানেন কামরুল ইসলাম।
 
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেঁদেছেন। তার জন্য মায়া হয়, ‍দুঃখ হয়।’
 
তিনি আরো বলেন, গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসার একটা বাসনা হয়ত আপনি লালন করেন, কিন্তু আপনি ফিরে আসতে পারবেন না। এই পাপিষ্ঠদের সঙ্গে যতদিন আছেন, ততদিন আপনার স্বস্তি নেই, শান্তি নাই, কেঁদে বুক ভাসালেও শান্তি পাবেন না।

ইত্তেফাক/এএম।