একাত্তরের ঘাতক যুদ্ধাপরাধীদের বাঁচাতে না পেরেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কান্না করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি। বুধবার জেলার বোচাগঞ্জে সন্ত্রাসবিরোধী এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
অতীত অপকর্মের জন্য জাতির কাছে মা চাওয়ার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, একাত্তরের ঘাতকদের পৃষ্ঠপোষকতা, রাজনীতিতে পুনর্বাসন, মন্ত্রী বানানো, বঙ্গবন্ধু হত্যাকারীদের পুরস্কৃত করা, ২০০১ পরবর্তী নির্যাতন, ভয়াবহ গ্রেনেড হামলা ও সাম্প্রতিক আগুন সন্ত্রাস-জঙ্গিবাদের জন্য জাতির কাছে মা না চাইলে মির্জা ফখরুলদের এ কান্না থামবে না।
তিনি বলেন, একাত্তর ও পঁচাত্তরের ঘাতকদের বাঁচানোর এজেন্ডা বাস্তবায়ন করতে না পেরে এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার সব তথ্য জাতির সামনে উন্মোচিত হওয়ায় ফখরুল কান্না করছেন।
সাম্প্রতিক জঙ্গি-সন্ত্রাসের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজ দলের সন্ত্রাসী কর্মীদের জন্য আপনার কান্না হয়। দেশের মানুষের জন্য তো কখনো কাঁদেন নাই। বাবার গাড়ি পাহারা দিতে দিতে ঘুমিয়ে পড়া ১৪ বছরের ছেলে মনিরের গায়ে যখন পেট্রল বোমা মেরে তাকে ভস্ম করে দিলেন তখন তো আপনি কাঁদেননি। কক্সবাজার বেড়াতে গিয়ে বাবা মেয়ে আপনাদের আগুনে পুড়ল তখন কি চোখে পানি ছিলনা? ঢাকা মেডিক্যালের বার্ন ইউনিটে গিয়ে তো একফোঁটা চোখের পানি ফেলেননি।
২০০১ পরবর্তী অবস্থার কথা তুলে ধরে তিনি বলেন, সাতক্ষীরার সুন্দরী বালা, বাগেরহাটের ঠাকুরবাড়িতে আপনার ছেলেরা যে জাহান্নাম নামিয়ে এনেছিল তখন তো আপনি কাঁদেননি। রাজশাহীর বাগমারায় আপনাদের বাংলাভাই যে অত্যাচার চালিয়েছিল তখন কোথায় ছিল আপনার ইমোশন। পূর্ণিমা, মহিমা আর ফাহিমাকে যখন আপনার ছেলেরা নির্যাতন করল তখন কোথায় ছিল আপনার মানবতা! আওয়ামী লীগের নির্বাচিত এমপিদের হত্যা করলেন, রাষ্ট্রীয় মদদে দেশকে মৃত্যুপুরী বানিয়েছিলেন। একুশে আগস্ট আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ছক করেছিলেন আপনারা। এখন মায়াকান্না কিসের!
ইত্তেফাক/এসএসএ
