ভাটারায় যুবকের পায়ুপথে বাতাস, আটক ১

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২০:২৫
 
রাজধানীর ভাটারায় কমপ্রেসার মেশিন দিয়ে পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়ায় আতিয়ার মোল্লা নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিত্সকরা বলছেন, আতিয়ারের অবস্থা আশঙ্কাজনক।
 
জানা গেছে, আক্তার ফার্নিচার লিমিটেডের নিজস্ব ঠিকাদার আতিয়ার। তার বাবার নাম গোলাপ মোল্লা। তাদের বাড়ি রাজবাড়ীর সদরের মাইশাকাটা গ্রামে। তিনি ভাটারা নতুন বাজার এলাকায় স্ত্রী সুমি আক্তারের সঙ্গে থাকেন।
 
আতিয়ারের সহকর্মী মোমিনুল ইসলাম জানান, বুধবার দুপুরে আতিয়ার ওই প্রতিষ্ঠানের কমপ্রেশার কর্মচারী মামুন ও অন্যরা মিলে একসঙ্গে কথা বলছিল। এ সময় মামুন কমপ্রেশার মেশিন দিয়ে সবাইকে বাতাস দিচ্ছিল। হঠাত্ দুষ্টমির ছলে মামুন কমপ্রেসার মেশিন দিয়ে আতিয়ারের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে তার পেট ফুলে ওঠে এবং আতিয়ার গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
 
ভাটারা থানার ওসি নুরুল মোত্তাকিন জানান, এ ঘটনায় অভিযুক্ত মামুনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছে, ইচ্ছা করে সে এটা করেনি। দুষ্টুমির ছলে আতিয়ার প্রথমে তাকে বাতাস দেয়। পরে সে আতিয়ারকে বাতাস দিলে এ ঘটনা ঘটে।
ইত্তেফাক/এএম।