‘উচ্ছ্বাস’ এর উদ্যোগে সুনামগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ

আপডেট : ২৪ আগস্ট ২০১৬, ২১:১৩
 
সামাজিক সংগঠন “উচ্ছ্বাস বাংলাদেশ”এর উদ্যোগে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের চারটি গ্রামে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে পুষ্টিকর খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 
 
বুধবার “নিউট্রিশন মেটারস” নামক বছরব্যপী কার্যক্রমের প্রথম ধাপ হিসেবে সুনামগঞ্জের এই প্রত্যন্ত অঞ্ছলের ৩০০ পরিবারকে ৩ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, এনার্জি বিস্কুট এবং কলা প্রদান করা হয়। 
 
সকালে সিলেটে “উচ্ছ্বাস বাংলাদেশ” এর বছরব্যপী কার্যক্রমটির উদ্বোধন করা হয়। একঝাঁক তরুণের উদ্যোগে গৃহীত এই কার্যক্রম উদ্বোধনে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট মেডিকেল কলেজ এন্ড হসপিটালের শিশু বিভাগের প্রধান এবং “উচ্ছ্বাস”এর উপদেষ্টা প্রফেসর ডক্টর সৈয়দ মূসা এম এ কাইয়ুম।
 
অনুষ্ঠানের দ্বিতীয় ধাপে দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে ৩০০ পরিবারকে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হয়। দ্বিতীয় ধাপের খাদ্য বিতরণ কার্যক্রমে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, বাংলাদেশ আইসিটি ইনোভেশন ফোরামের নির্বাহী সৈয়দ মাহমুদ মুসা, শিক্ষিকা সেলিনা আক্তার ক্রোরী,  শামীমা রহমান, চিকিৎসক সৈয়দ মোহাম্মদ মুসা।
 
সেচ্ছাসেবী দলে উপস্থিত ছিলেন সানজান, মোস্তফা, নভেরা, মাহি, মাহদি, আবির, মুবিন, নাইম, ইরতেজা এবং আখতার।
 
আয়োজকরা জানিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মিলে “উচ্ছ্বাস বাংলাদেশ” সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এবং সমাজের অসহায় এবং সুবিধাবঞ্ছিতদের জন্য তারা দীর্ঘমেয়াদী বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছেন।