রামপালবিরোধী কর্মসূচিতে সমর্থন বিএনপির

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৫:৪০
সুন্দরবনের কাছে রামপাল বিদ‌্যুৎ কেন্দ্র বাতিলের দাবিতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ঘোষিত ‘চল চল ঢাকা চল’ ও ‘মহাসমাবেশ’ কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি।
 
আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অর্পণের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান।
 
ফখরুল বলেন, আমরা তাদের কর্মসূচিতে সমর্থন দিয়েছি এবং কর্মসূচিকে সমর্থনও করছি। আমরা (বিএনপি) মাঠে নেমে বিরোধিতা করবো কি না- সেটা নির্ভর করবে সরকারের আচরণের ওপরে। কারণ একটা দাবি জানিয়েছি, আমরা অপেক্ষা করবো, সেই দাবির প্রতি তারা কীভাবে রেসপন্স করছে।
 
এর আগে বুধবার এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রামপাল প্রকল্পটি ‘দেশবিরোধী’ দাবি করে তাপবিদ‌্যুৎ কেন্দ্রটি সুন্দরবনের কাছ থেকে অন‌্য এলাকায় সরিয়ে নেয়ার আহ্বান জানান।
 
ভারতের সঙ্গে যৌথ উদ‌্যোগে রামপালে যে তাপ বিদ‌্যুৎ কেন্দ্র হচ্ছে, তা বিশ্ব ঐতিহ‌্য সুন্দরবনের পরিবেশ ও প্রতিবেশ হুমকিতে ঠেলে দেবে দাবি করে এর বিরুদ্ধে আন্দোলন করছে বাম দলগুলো।