প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, ‘যারা ধর্মের নাম ব্যবহার ও ধর্মের নামে অপ ব্যাখা দিয়ে জঙ্গি হামলা করে মানুষ হত্যা করে তারা দেশ ও জাতির শত্রু। তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
বৃহস্পতিবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন আয়োজিত মান-সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে কয়েকটি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নের্তৃত্বে দেশ আজ এগিয়ে চলেছে। দেশে বিদ্যুৎ, গ্যাস, রাস্তাঘাট ও ব্রিজ কালভার্টসহ শিক্ষার ব্যাপক উন্নয়ন হচ্ছে। যা বিগত দিনে কখনো হয়নি।’
উপজেলা পরিষদ চত্বরের মুক্তির মঞ্চে টাঙ্গাইল জেলা প্রশাসক মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন খালিদ, স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ একাব্বর হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আতাউর রহমান ও উপজেলা শিক্ষা অফিসার মো. খলিলুর রহমান প্রমুখ।
