চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার ৪

আপডেট : ২৫ আগস্ট ২০১৬, ১৮:৩৩
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় গতকাল পৃথক দু'টি অভিযানে দু'টি বিদেশী পিস্তল, দু'টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার ও চার ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৫ (র‌্যাব) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
 
গ্রেফতারকৃতরা হলো, শিবগঞ্জ উপজেলার জামিনপুর গ্রামের মো. জেনারুল ইসলাম (২৭) ও একই উপজেলার মো. বাবলু (২৮), মো. জুয়েল রানা (২৪) ও মো. শাহাব উদ্দিন (২২)। র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল বিকেল প্রায় ৪টার দিকে শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজারে অভিযান চালায়। এ সময় যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, দু'টি ম্যাগাজিন ও ছয় রাউন্ড গুলিসহ জেনারুলকে আটক করা হয়।
 
বিজিবি-৯ এর কমান্ডিং অফিসার লে. কর্নেল এসএম আবুল এহসান জানান, এর আগে একই উপজেলার চর হাসানপুর ক্যাম্পপাড়া এলাকা থেকে সকাল সাড়ে ১১টার দিকে একটি পিস্তলসহ মো. বাবলুকে গ্রেফতার করে বিজিবি।
 
পরে বাবলুর স্বীকারোক্তি অনুযায়ী ওই এলাকা থেকে বোমা তৈরির সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে জুয়েল রানা ও শাহাব উদ্দিনকে গ্রেফতার করা হয়। সূত্র জানায়, গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
 
ইত্তেফাক/এসএস