মনপুরার মেঘনায় আবারও জলদস্যুদের হামলা, ১ মাঝি অপহৃত

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ০০:৩৭
ভোলার মনপুরার মেঘনায় ইলিশ ধরা অবস্থায় ২৫ শে আগস্ট বৃহস্পতিবার রাত ১১টায় হাতিয়ার জলদস্যু আলাউদ্দিন বাহিনী আবারও জেলেদের উপর হামলা চালিয়েছে। তারা ১ মাঝিকে অপহরণ করেছে এবং জালসহ ১টি মাছ ধরা ট্রলার নিয়ে গেছে। ট্রলারটি উদ্ধার করতে হাতিয়া কোস্টগার্ড অভিযান পরিচালনা করছে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১১টা) এখনও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
 
স্থানীয় জেলে সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সোহরাব মাঝি, রাকিব মাঝি  মনপুরা ইউনিয়নের পুর্ব পাশের বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলে ।  আগে থেকে ওত পেতে থাকা হাতিয়ার জলদস্যু বাহিনীর প্রধান আলাউদ্দিন, কৃঞ্চ, রুবেল ও আরিফ বাহিনীর নের্তৃত্বে দেশীয় অস্ত্রের গুলি ছুঁড়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে জলদস্যুরা।
 
জলদস্যুরা রাকিব মাঝির ট্রলার থেকে রাকিব মাঝিকে ও সোহরাব মাঝির জালসহ ট্রলারটি হাতিয়ার দিকে নিয়ে যায়।
IMG0
জানা যায়, জলদস্যুরা জেলেদের ওপর হামলা করলে সোহরাব মাঝির ট্রলারে থাকা সকল জেলে নদীতে ঝাপ দেয়। তারা ট্রলার রেখে সাঁতরাতে থাকে।  পরে হাতিয়ার একটি মাছ ধরা ট্রলারের লোকজন তাদের উদ্ধার করে। বর্তমানে তারা হাতিয়ায় আছেন।
 
এ ব্যাপারে হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লেঃ কমান্ডার ওমর ফারুক ইত্তেফাক সংবাদদাতাকে জানান, আমরা জলদস্যুদের হামলার ঘটনা শুনতে পাওয়ার সঙ্গে সঙ্গে মেঘনায় অভিযান পরিচালনা করি। এখনও অপহৃত ট্রলারটি উদ্ধার করতে পারিনি। অভিযান অব্যাহত রয়েছে।
 
ইত্তেফাক/এএন