শরণখোলায় বলেশ্বর নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ

আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ২২:০১

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের বগী ফরেস্ট স্টেশনের একজন বনরক্ষী বলেশ্বর নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার  রাত ১০টার দিকে বলেশ্বর নদীতে টহলকালে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ বনরক্ষীর নাম সোহেল রানা তালুকদার।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার  রাতে বগী স্টেশনের বনরক্ষীরা  ট্রলার নিয়ে বলেশ্বর নদীতে টহলে যায়। রাত ১০টার দিকে বঙ্গোপসাগর থেকে উঠে আসা একটি ট্রলারকে থামানোর নির্দেশ দেয়। এ সময় ফরেস্ট গার্ড সোহেল রানা ট্রলারের ছাদে  উঠলে পা ফসকে নদীতে পড়ে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ বনরক্ষীর বাড়ি নেত্রকোনা জেলায়। নদীতে আরো তল্লাশির জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।