ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে বাস সার্ভিস চালু

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৫:৫৯
ব্রাহ্মণবাড়িয়া-কলকাতা রুটে রয়েল কোচ নামে নতুন একটি বাস সার্ভিস চালু করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনালে ফিতা কেটে নতুন এ বাস সার্ভিসের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। 
 
রয়েল কোচ সার্ভিসের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়াবেদ হোসেন জানান, প্রতিবেশী দেশ ভারতের ত্রিপুরা রাজ্য ও পশ্চিমবঙ্গবাসীকে এবার বাংলার প্রীতি বন্ধনে আবদ্ধ করতেই রয়েল কোচ নতুন এ সার্ভিস চালু করেছে। এখন থেকে প্রতিদিন ব্রাহ্মণবাড়িয়া শহরের পৈরতলা বাসস্ট্যান্ড থেকে দুটি বাস কলকাতার উদ্দেশে ছেড়ে যাবে। যাত্রাপথে ঢাকা থেকেও যাত্রী ওঠানো হবে। একইভাবে কলকাতা থেকে দুটি বাস ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশে ছেড়ে আসবে।
 
তিনি আরো জানান, প্রতিটি বাসে আসন সংখ্যা থাকবে ৩৪টি। ভাড়া ১৬০০ থেকে ১৮০০ টাকা।