জিয়া ও মোশতাকের মরণোত্তর বিচার দাবি হানিফের

আপডেট : ২৬ আগস্ট ২০১৬, ১৫:৪৭
 
বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনাকারী ‘খুনি’ জিয়াউর রহমান ও খন্দকার মোশতাকের মরণোত্তর বিচার দাবি করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি সরকারের কাছে স্বাধীন তদন্ত কমিশন গঠন করে জিয়াউর রহমানসহ অন্যান্য পরিকল্পনাকারীর মুখোশ উন্মোচনের দাবি জানান।
 
জাতীয় শোক দিবস স্মরণে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি জানান। শুক্রবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ। এতে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম।
 
অনুষ্ঠানে প্রথম পর্যায়ে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। পরে তার অনুপস্থিতিতে সভাপতির দায়িত্ব পালন করেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য ও বাংলাদেশ বার-কাউন্সিলের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার।
 
জাতির পিতাকে হত্যার পর খুনি জিয়া মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে পাকিস্তানী আদর্শে দেশ পরিচালনা করেন উল্লেখ করে হানিফ বলেন, বিএনপি পাকিস্তানী আদর্শের দল। পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়নেই এ দলটি নানাভাবে ষড়যন্ত্র করছে উল্লেখ করে তিনি বাংলাদেশে তাদের রাজনীতি করার সময় ফুরিয়ে এসেছে বলেও জানান।

ইত্তেফাক/এএম।