পাবনার সাঁথিয়ায় বিদ্যুতায়িত হয়ে ইমরান (২) নামে এক শিশু নিহত ও ৪ জন আহত হয়েছে। নিহত শিশু উপজেলার ছেঁচানিয়া গ্রামের ইয়াছিনের ছেলে। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টি হলে সাঁথিয়া পৌরসভাধীন কারিগর পাড়া ইমরানের নানা কালাম কাজীর বাড়িতে বিদ্যুতের তার ছিড়ে টিনের ঘরের উপর পড়ে থাকে। আজ ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুত আসলে ঘরটি বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় ঘর থেকে তাড়াহুড়া করে বের হতে যেয়ে শিশুটি ঘরের টিনের বেড়ার সঙ্গে স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ সময় তাকে উদ্ধার করতে যেয়ে তার মা খুকু মনি (২৫), নানি কল্পনা খাতুন (৬০), মামা হেসেন আলী (৩০) ও মামি সাবিনা খাতুন (২৫) আহত হলে তাদের সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গুরুতর আহত নানির অবস্থার অবনতি হলে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ব্যাপারে সাঁথিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
